যশোরের মনিরামপুরের চালুয়াহাটি ইউনিয়ন পরিষদে জামায়াতে ইসলামীর নেতাকর্মী তালা ঝুলিয়ে দিয়েছে। গতকাল রোববার দুপুরে এই ঘটনা ঘটে। চেয়ারম্যানের বিরুদ্ধে বিভিন্ন সরকারি বরাদ্দে দলীয় লোকদের প্রাধান্য দেওয়া ও স্বজনপ্রীতির অভিযোগ রয়েছে।
দুপুর আড়াইটার দিকে নেঙ্গুড়াহাট বাজার থেকে জামায়াতের কয়েকশ নেতাকর্মী মিছিল নিয়ে পরিষদে যান। এ সময় তারা চেয়ারম্যান ও সচিবের কক্ষসহ প্রধান ফটকে তালা ঝুলিয়ে দেন।
চালুয়াহাটি ইউনিয়ন পরিষদের সচিব বিল্লাল হোসেন জানান, গত বছর আওয়ামী সরকারের পতনের পর সরকারি বরাদ্দ বণ্টনে ইউএনও মধ্যস্থতা করেন। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও জামায়াতের নেতাদের মধ্যে সমঝোতার মাধ্যমে ভিজিএফ, ভিজিডি, টিসিবি, খাদ্যবান্ধব, ওএমএস, টিআর, কাবিখা, বিধবা ভাতা, মাতৃত্বকালীন ভাতা ও বয়স্ক ভাতা বরাদ্দ দেওয়া হয়।
ইউপি চেয়ারম্যান আবদুল হামিদ সরদারের ভাষ্য, ইউনিয়নে আসা সব সরকারি বরাদ্দের শতকরা ২৫ ভাগ স্থানীয় জামায়াতে ইসলামীর নেতাকর্মীর মধ্যে ভাগ করে দেওয়া হয়। পরিষদে তালা মারার বিষয়টি ইউপি সচিবের মাধ্যমে ইউএনকে জানানো হয়েছে।
ইউনিয়ন জামায়াতের আমির নজরুল ইসলাম ও সেক্রেটারি আবদুল মান্নান স্বীকার করেন যে, সরকারি সব বরাদ্দে তাদের ২৫ ভাগ দেওয়ার সমঝোতা হলেও চেয়ারম্যান তা মানছেন না। তিনি সব বরাদ্দই তাঁর দলীয় আস্থাভাজনদের মধ্যে বিতরণ করছেন।
মনিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নিশাত তামান্না জানান, বিষয়টি তিনি শুনেছেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।




