রেকর্ড যাত্রী চলাচল ২০২৩ সালে
বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) জানিয়েছে, ২০২৩ সালে দেশের বিমানবন্দরগুলো দিয়ে রেকর্ড ১৭.৪ মিলিয়ন যাত্রী যাতায়াত করেছে, যা আগের বছরের তুলনায় প্রায় ২৩.৪ শতাংশ বেশি। এদের অধিকাংশই আন্তর্জাতিক যাত্রী। রেকর্ড যাত্রী যাতায়াতের সুবাদে ২০২২-২৩ অর্থবছরে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর প্রায় ২ হাজার ৩৮৮ কোটি টাকা আয় করেছে।
ইউএস-বাংলা এয়ারলাইনসের মতামত
ইউএস-বাংলা এয়ারলাইনসের সিইও স্কোয়াড্রন লিডার (অব.) লুৎফর রহমান বলেন, ২০২১ সালে ইন্টারন্যাশনাল এয়ার ট্রান্সপোর্ট অ্যাসোসিয়েশন পূর্বাভাস দিয়েছিল যে বাংলাদেশ উড়োজাহাজ যাত্রী পরিবহনের ক্ষেত্রে ২০২৪ সালের মধ্যে কোভিড-পূর্ব পর্যায়ে ফিরে যাবে। তবে বাংলাদেশ প্রত্যাশার চেয়েও দ্রুত এই প্রক্ষেপণ পেরিয়ে গেছে।
অগ্রগতির কারণ
তিনি আরো বলেন, এই অগ্রগতির কারণ হচ্ছে, আমাদের প্রধান যাত্রীরা উপার্জনকারী। অন্যান্য পর্যটক ও ব্যবসায়ী ভ্রমণকারীদের আগেই তারা বিদেশে ভ্রমণ শুরু করেছেন। তাই স্বাভাবিকভাবেই যাত্রীর সংখ্যা বেড়েছে। গত বছর ওমরাহ যাত্রীর সংখ্যাও বেড়েছে। আন্তর্জাতিক যাত্রীর সংখ্যা বাড়ার সঙ্গে সঙ্গে আমরা সেই অনুযায়ী আমাদের ফ্লাইট ফ্রিকোয়েন্সি সমন্বয় করেছি। বিমান ও অন্যান্য এয়ারলাইনসও তাদের কার্যক্রম বাড়িয়ে দিয়েছে।
বেবিচকের আয়
বেবিচকের তথ্য অনুসারে, সংস্থাটি ২০২১-২২ অর্থবছরে প্রায় ১ হাজার ৯১১ কোটি টাকা আয় করেছে। এর মধ্যে শুধু হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকেই আয় হয়েছে ১ হাজার ৫৯৭ কোটি টাকা। বাকি সাতটি বিমানবন্দর একত্রে মাত্র ৩১৪ কোটি টাকা আয় করেছে। ঢাকা বিমানবন্দরের বর্তমান ধারণক্ষমতা বার্ষিক ৮ মিলিয়ন যাত্রী। তবে ফ্লাইট ব্যবস্থাপনার অপ্টিমাইজেশনের মাধ্যমে গত বছর এ সংখ্যা ছাড়িয়ে গেছে। আর তৃতীয় টার্মিনাল পুরোপুরি চালু হওয়ার পর শাহজালাল বিমানবন্দর বছরে প্রায় ২২ মিলিয়ন যাত্রী ধারণ করতে পারবে।
কারণসমূহ
শ্রম রপ্তানি, শিক্ষাগত অভিবাসন, দেশের বাইরে চিকিৎসা গ্রহণ, অবসর পর্যটন এবং ব্যবসায়িক ভ্রমণ বৃদ্ধিই এর মূল কারণ বলে ধারনা করছে বেবিচক।
নতুন এয়ারলাইনস
বিমানবন্দর জানিয়েছে, কর্তৃপক্ষ বর্তমানে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৩৫টি এয়ারলাইনসের কার্যক্রম পরিচালনা করা হয়। এর মধ্যে ২০২৩ সালের দুই নবাগত ইজিপ্টএয়ার ও ফ্লাইনাসও রয়েছে। এছাড়াও এয়ার চায়না, এয়ার প্রিমিয়া, ফিটস এয়ার, ইথিওপিয়ান এয়ারলাইনস এবং রয়্যাল ব্রুনাই এয়ারলাইনসসহ বেশ কয়েকটি নতুন এয়ারলাইনস অদূর ভবিষ্যতে ঢাকা থেকে ফ্লাইট পরিচালনা শুরু করবে।
প্রবাসী কর্মী
জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর (বিএমইটি) তথ্য অনুসারে, বাংলাদেশ গত বছর রেকর্ড ১.৩ মিলিয়ন প্রবাসী কর্মী বিদেশে পাঠিয়েছে, যা আগের বছরের তুলনায় ১৫ শতাংশ বেশি। এছাড়া ইউনেস্কোর তথ্য অনুযায়ী, প্রতি বছর ৫০ হাজারের বেশি বাংলাদেশি শিক্ষার জন্য বিদেশে যান।
যাত্রী সেবা
বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের সদস্য (পরিচালনা ও পরিকল্পনা) এয়ার কমডোর এ এফ এম আতিকুজ্জামান বলেন, দেশের বিমানবন্দরগুলোতে যাত্রীসেবার মান বেড়েছে। বাংলাদেশ বিমানবন্দর যাত্রীদের আস্থা অর্জন হওয়ায় বিদেশি যাত্রীর সংখ্যাও বেড়েছে। যাত্রীসেবার মান বিমানবন্দরে আরও উন্নত করা হবে। প্রধানমন্ত্রী দেশি-বিদেশি পর্যটকদের নিয়ে বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন করে চলেছেন, সব প্রকল্প বাস্তবায়ন হলে এই সেবার মান আরও বৃদ্ধি পাবে।
বার্তা বাজার/আইএফ




