বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ আগামী ডিসেম্বরের মধ্যে নির্বাচন আয়োজনের জন্য সরকারকে আহ্বান জানিয়েছেন। তিনি বিভ্রান্তিকারী উপদেষ্টাদের অপসারণের ওপর জোর দিয়েছেন।
শনিবার (১৭ মে) খুলনা সার্কিট হাউজ মাঠে ‘তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠা’ শীর্ষক সমাবেশে তিনি এই বক্তব্য দেন।
তিনি বলেন, “আপনি (প্রধান উপদেষ্টা) আমাদের প্রতিশ্রুতি দিয়েছিলেন, সংস্কার ও বিচার প্রক্রিয়া চলমান থাকবে—যেই সরকারে আসুক না কেন। কিন্তু আপনি এখন যাদের পরামর্শে বিভ্রান্ত হচ্ছেন, তারা ফ্যাসিবাদের দোসর। এদের উপদেষ্টা পরিষদ থেকে সরিয়ে দিন।”
বিশেষভাবে দুই ছাত্র উপদেষ্টার প্রসঙ্গ টেনে তিনি বলেন, আপনি যদি সত্যিই নিরপেক্ষতা বজায় রাখতে চান, তাহলে ওই এনসিপি ঘরানার দুই উপদেষ্টাকে পদত্যাগ করতে বলুন। তারা না করলে আপনি সরিয়ে দিন। আর জাতীয় নিরাপত্তা উপদেষ্টা—তিনি নিজে পদত্যাগ না করলে তাকেও বিদায় করুন। দেশের নিরাপত্তাবিষয়ক দায়িত্ব কোনো বিদেশি নাগরিকের হাতে থাকতে পারে না।
তিনি হুঁশিয়ার করেন, সংস্কার ও বিচারের দোহাই দিয়ে দেশের গণতন্ত্রকে জিম্মি করে রাখা যাবে না।
এ সময় রাখাইন অঞ্চলে প্রস্তাবিত ‘মানবিক করিডোর’ নিয়ে সরকারের অবস্থান পরিষ্কার করার আহ্বান জানান সালাহউদ্দিন। তার অভিযোগ, এই করিডোরের নামে দেশকে একটি যুদ্ধক্ষেত্রে পরিণত করার অপচেষ্টা চলছে, যার নেতৃত্বে রয়েছেন নিরাপত্তা উপদেষ্টা।




